প্রকাশিত: Sun, Jan 22, 2023 3:58 PM
আপডেট: Tue, Apr 28, 2026 5:21 AM

২৪৫ প্রস্তাব নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে ডিসি সম্মেলন

আনিস তপন: মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার। রোববার সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’ নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনাভাইরাস মহামারির কারণে দুবছর পর গত বছর ১৮ থেকে ২০ জানুয়ারি ডিসি সম্মেলন হয়েছিল। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন। তবে এবার সরাসরি উপস্থিত হয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আগামী মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি সম্মেলনের উদ্বোধন করবেন। গত বছরের মতো এবার জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।

মো. মাহবুব হোসেন বলেন, এবারের সম্মেলন তিন দিনব্যাপী হচ্ছে। গত সম্মেলনও তিন দিনব্যাপী ছিল। এবারে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নির্দেশনা গ্রহণের পাশাপাশি স্পিকার ও বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন। তাছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সামরিক-বেসামরিক সমন্বয়বিষয়ক অধিবেশন সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এবার সম্মেলনে মোট ২৬টি অধিবেশন হবে। এ সম্মেলনের মাধ্যমে দেশের মাঠ প্রশাসন তৃণমূলের জনগণের ভাবনাগুলো কেন্দ্রকে অবহিত করবেন। এ আলোকে সরকারের নির্দেশনা ডিসিরা মাঠপর্যায়ে নিয়ে যাবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব